Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সাহস নেই - Chief TV

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সাহস নেই - Chief TV

2026-01-29  ডেস্ক রিপোর্ট  117 views
পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সাহস নেই - Chief TV

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তার মতে, এমন বড় সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক দৃঢ়তা পাকিস্তানের নেই।

সম্প্রতি বাংলাদেশের ভারতে সফর নিয়ে অচলাবস্থার পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপ বর্জনের হুমকি দেন এবং বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাবও দেন। তবে আইসিসি এসব প্রস্তাব নাকচ করে দেয়। উল্টো জানিয়ে দেয়, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

ক্রিকবাজকে দেওয়া এক মন্তব্যে রাহানে বলেন,
“আমি মনে করি না তারা বিশ্বকাপ থেকে সরে যাবে। এতটা সাহস তাদের নেই।”

তার এই বক্তব্যে স্পষ্ট, পাকিস্তানের হুমকি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম বলেই তিনি মনে করেন।

যদিও পিসিবি ইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, তবুও পাকিস্তানের অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের পরামর্শ অনুযায়ী। বিশেষ করে শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়টি সরকার কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।

খেলোয়াড়দের উদ্দেশে নাকভি বলেন,
“আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, আমরা তাই করব। তারা যদি বিশ্বকাপে যেতে না বলে, সেটিও মেনে নেব।”

সব মিলিয়ে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অজিঙ্কা রাহানের ধারণা—শেষ পর্যন্ত টুর্নামেন্টে মাঠে নামবেই পাকিস্তান দল।


Share: