রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান,
“খবর পেয়ে আমরা হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।”
তিনি আরও বলেন,
“আশপাশের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে, এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এসআই হামিদুল ইসলাম।