ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যদের জন্য ভর্তুকি মূল্যে বরাদ্দ রেশনের চিনি খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ–এর নামে বরাদ্দ চিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির সময় স্থানীয় জনতা তা আটকে দেয়।
ঠাকুরগাঁও সুগার মিলস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মিল থেকে ১২৫ টাকা কেজি দরে মোট ৪৪ মেট্রিক টন চিনি বিতরণ করা হয়। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ১৫ মেট্রিক টন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার ১১ মেট্রিক টন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬ মেট্রিক টন চিনি গ্রহণ করে।
স্থানীয়দের অভিযোগ, মিল থেকে উত্তোলিত চিনির একটি অংশ ‘মেসার্স টি এস ট্রেডার্স’ নামের একটি দোকানে বিক্রির জন্য নেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বরাদ্দপত্র দেখতে চান এবং চিনি বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেন।
এ সময় ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা জানান, মেসে অবস্থানরত সদস্যদের খাবারের ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ চিনির একটি অংশ বিক্রি করে সেই অর্থ দিয়ে মাছ, মাংসসহ অন্যান্য খাদ্যসামগ্রী কেনা হয়।
তবে রেশনের পণ্য খোলা বাজারে বিক্রির বিষয়ে পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, রেশনের চিনি বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি চিনি কিনেছেন এবং এ ধরনের লেনদেন আগে থেকেও হয়ে আসছে বলে দাবি করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।