Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মহাসড়কে ছাত্রদল ও যুবদলের সতর্ক পাহারা - Chief TV

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মহাসড়কে ছাত্রদল ও যুবদলের সতর্ক পাহারা - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  43 views
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মহাসড়কে ছাত্রদল ও যুবদলের সতর্ক পাহারা - Chief TV
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতা রুখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কের নিমসারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার লক্ষ্যে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

সকাল থেকে মহাসড়কে অবস্থান নেওয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকেই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটকে রাজপথে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য সহিংসতা ও অরাজকতা ঠেকাতে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবে ছাত্রদল। তিনি আরও যোগ করেন যে, নিষিদ্ধ ছাত্রলীগ এখন কার্যত বিলুপ্ত হয়ে গেছে এবং রাজপথের কোথাও আজ তাদের খুঁজে পাওয়া যায়নি।

একই সময়ে মহাসড়কে অবস্থান নেওয়া জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা ঠেকাতেই তারা এই তীব্র রোদ উপেক্ষা করে অবস্থান করছেন।
 
এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মহাসড়কে কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা শোডাউন করতে পারেনি।

এই প্রতিরোধ ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আহমেদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন।
 
এছাড়াও বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা মামুনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে সতর্ক পাহারা বজায় রাখছেন।

Share: