Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি - Chief TV

ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  26 views
ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি - Chief TV

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করতে দুইটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শনিবার দুপুরে মিরপুর-১২ এলাকার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তরের ২৭টি এবং দক্ষিণের ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। খাল উদ্ধার শেষে ডিমার্কেশনের মাধ্যমে দুই পাশে গাইডওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, খালগুলো সংরক্ষণ করা না গেলে ঢাকা নগরী ভবিষ্যতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বর্তমানে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু মুসলিম বাজার খাল থেকেই প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর সহযোগিতায় ঢাকা উত্তর সিটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগর হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, ৫ জুন থেকে এ পর্যন্ত মুসলিম বাজার খাল থেকে ৪১৬ ট্রাক তলদেশের পলি ও ময়লা অপসারণ করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, ডেঙ্গুমুক্ত ও জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খাল, অলিগলি ও বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। পাশাপাশি উন্নয়ন কাজের ক্ষেত্রে একই রাস্তা বারবার খনন এড়াতে ওয়াসা ও ডেসকোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, খাল ও আশপাশের এলাকা পরিষ্কার করার পর কেউ যদি পুনরায় ময়লা-আবর্জনা ফেলে, তাহলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।


Share: