পঞ্চগড় সদর উপজেলায় তালাবদ্ধ অবস্থায় থাকা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সঙ্গে নিয়ে অফিসটি খুলে দেন এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, বিএনপি নেতা আবু দাউদ প্রধান দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, স্থানীয়দের নিয়ে অফিসটি খোলা হয়েছে এবং বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আপাতত মুক্তিযোদ্ধারা সেখানে অবস্থান করবেন, তবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এখনই শুরু হবে না।
সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপন বলেন, দেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দল-মত নির্বিশেষে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, তিনি জানতে পেরে দ্রুত উদ্যোগ নিয়ে অফিসটি খুলে দিয়েছেন, যাতে এলাকায় কোনো উত্তেজনা না সৃষ্টি হয়। তিনি জানান, এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয়; বরং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনে বিজয়ের পর সব পক্ষের সমর্থন ও অংশগ্রহণ ছিল। তাই তিনি সব দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং কাউকে আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, কোনো নাগরিক অন্যায়ের শিকার হলে তিনি তা গুরুত্বের সঙ্গে দেখবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বর্তমানে সেটি খুলে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।