Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়- Chief TV

বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়- Chief TV

2025-10-21  ডেস্ক রিপোর্ট  154 views
বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়- Chief TV

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে নির্ধারণ করা হবে।

শর্তসমূহ
অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির জন্য ছয়টি শর্ত নির্ধারণ করা হয়েছে—

ক. পরবর্তী বেতনস্কেলে এই অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে।

খ. এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসারে নিয়োগের শর্তাদি কঠোরভাবে মেনে চলতে হবে।

গ. এই ভাতা বৃদ্ধির ফলে কোনো শিক্ষক বা কর্মচারী অতীত সময়ের জন্য বকেয়া দাবি করতে পারবেন না।

ঘ. ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ঙ. ভবিষ্যতে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই তার দায়ভার বহন করবেন।

চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও (সরকারি আদেশ) জারি করে তার চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৬ অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা ২৬০ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে।


Share:

ট্যাগস: chief tv chief tv news