Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / লাইফস্টাইল / বাসায় গ্যাস সংকটে রান্নার বিকল্প উপায় - Chief TV

বাসায় গ্যাস সংকটে রান্নার বিকল্প উপায় - Chief TV

2026-01-16  ডেস্ক রিপোর্ট  158 views
বাসায় গ্যাস সংকটে রান্নার বিকল্প উপায় - Chief TV

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অধিকাংশ পরিবারই সরকারি গ্যাস লাইন বা এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। শীত মৌসুমে রান্নার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়া কিংবা একেবারেই না থাকার ঘটনা নতুন নয়। অনেক সময় এলপি গ্যাস শেষ হয়ে গেলে হঠাৎ করেই রান্না নিয়ে বিপাকে পড়তে হয়।

তবে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার প্রয়োজন নেই। গ্যাস না থাকলেও ঘরোয়া কিছু বিকল্প উপায়ে সহজেই রান্নার কাজ চালিয়ে নেওয়া সম্ভব।

 ইন্ডাকশন বা ইলেকট্রিক চুলা

গ্যাসের বিকল্প হিসেবে সবচেয়ে আধুনিক ও কার্যকর সমাধান হলো ইন্ডাকশন চুলা। এটি খুব দ্রুত খাবার রান্না করতে পারে—সাধারণ চুলার তুলনায় প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ সময় সাশ্রয় হয়। পাত্রের তলায় সরাসরি তাপ দেওয়ায় রান্না দ্রুত হয় এবং আগুন না থাকায় ঝুঁকিও কম। শিশু থাকলে এটি তুলনামূলক নিরাপদ। তবে মনে রাখতে হবে, ইন্ডাকশন চুলায় ব্যবহারযোগ্য ম্যাগনেটিক বা ধাতব তলার পাত্র প্রয়োজন।

 রাইস কুকার

নাম রাইস কুকার হলেও এটি আসলে একটি বহুমুখী রান্নার যন্ত্র। গ্যাস না থাকলে ডিম সেদ্ধ, নুডলস, স্যুপ, সবজি বা মাছ ভাপানো—সবই করা যায় এতে। পরিমাপ ও সময় ঠিক রাখতে পারলে খিচুড়ি কিংবা বিরিয়ানি পর্যন্ত রান্না করা সম্ভব।

 এয়ার ফ্রায়ার ও ওভেন

ঝামেলাহীন ও স্বাস্থ্যকর রান্নার জন্য এয়ার ফ্রায়ার দারুণ একটি বিকল্প। অল্প বা কোনো তেল ছাড়াই মাছ, মাংস কিংবা সবজি রোস্ট করা যায়। ওভেনে আবার চিকেন রোস্ট, কেক, বিস্কুট বা পাউরুটি সহজেই তৈরি করা সম্ভব। যারা ডায়েট সচেতন, তাদের জন্য এগুলো গ্যাসের ভালো বিকল্প হতে পারে।

এ ছাড়া মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে খুব দ্রুত খাবার গরম করা, সবজি সেদ্ধ বা ডিম পোচ করা যায়। ধীরে রান্না হওয়া খাবার যেমন ডাল বা নেহারি তৈরি করতে স্লো কুকারও কার্যকর। আর বিদ্যুৎ না থাকলে জরুরি প্রয়োজনে বাইরে কাঠ বা কয়লার চুলায় বারবিকিউ স্টাইলে রান্নাও করা যেতে পারে।

 রান্না ছাড়াই খাবার

যখন কোনো উপায়ই হাতের কাছে নেই, তখন ফলমূল, সালাদ, পাউরুটি-জ্যাম বা শুকনো খাবারের ওপর নির্ভর করাই সবচেয়ে সহজ সমাধান। এগুলো পুষ্টিকরও বটে এবং রান্নার ঝামেলাও নেই।

 নিরাপত্তায় যা খেয়াল রাখবেন

ইলেকট্রিক যন্ত্র ব্যবহারের সময় কিছু সতর্কতা জরুরি—

  • বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কি না নিশ্চিত করুন

  • ব্যবহার শেষে অবশ্যই সুইচ বন্ধ করুন

  • গরম পাত্র বা কয়েল স্পর্শ করা থেকে বিরত থাকুন

  • রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন

  • ঘরের বিদ্যুৎ লাইনের ক্ষমতার সঙ্গে মানানসই যন্ত্র ব্যবহার করুন

  • ঢিলেঢালা কাপড় পরে রান্না করার সময় সতর্ক থাকুন

সঠিক পরিকল্পনা ও সচেতনতা থাকলে গ্যাস না থাকলেও রান্না আর বড় কোনো সমস্যা নয়। পরিস্থিতি অনুযায়ী বিকল্প ব্যবস্থাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।


Share: