বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় কথা বলা হচ্ছে। তবে বিএনপির সরকার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং দলটি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দেশে দুর্নীতি ছিল সর্বনিম্ন পর্যায়ে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত প্রায় ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত নানা সমস্যা সমাধান হয়নি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকলে এসব সংকট অনেক আগেই দূর করা সম্ভব হতো।
সমাবেশে তিনি আরও বলেন, মানুষ চায় অসুস্থ হলে যেন সময়মতো চিকিৎসা পায়, শিক্ষার সুযোগ নিশ্চিত হোক এবং মৌলিক অধিকারগুলো বাস্তবে কার্যকর হোক। জনগণের এসব প্রত্যাশা পূরণ করতেই বিএনপি রাজনীতিতে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।