জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দলীয় নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে নারী ভোটারসহ সাধারণ মানুষ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। যারা বাধা সৃষ্টি করবে বা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১০ দল থেকে ১১ দলে পরিণত হওয়া এই জোট আরও বিস্তৃত হবে বলে তিনি আশা করেন। তাঁর ভাষায়, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ১১ দলীয় জোট একসঙ্গে কাজ করছে। দেশের এই সংকটময় সময়ে দেশপ্রেমিক ও ইসলামপন্থি শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়াকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি রাজনৈতিক দল অন্য দলগুলোকে দমন করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। পাশাপাশি ভোটের আগেই কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ তুলে তিনি জানান, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও ঢাকা–১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।