পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে জয় নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তার ভাষায়, “আমরা বলতে পারি—জয় আমাদের দিকেই এসেছে। ১২ ফেব্রুয়ারির ভোট কেবল আনুষ্ঠানিকতা মাত্র।”
রোববার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ চিশস্তি (রহ.)-এর ৪৯তম ওরশ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং জনগণকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক আয়োজনে সব রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষের একসঙ্গে অংশগ্রহণ হওয়া উচিত। তার মতে, বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ কিংবা জামায়াত—সব দলের মানুষের উপস্থিতি সমাজে সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখতে সহায়ক।
তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে তিনি একটি আদর্শ বা রোল মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিলেমিশে কাজ করবেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণকে তিনি দেশের সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবেও উল্লেখ করেন।
নুরুল হক নুর বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কাউকে জোর করে বাধা দেওয়া, হামলা চালানো বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।