Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন - Chief TV

বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  199 views
বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন - Chief TV

ভারতে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের টুর্নামেন্টে পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা আইসিসি বিসিবিকে দিয়েছে। তবে বিসিবি এই দাবি সরাসরি নাকচ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি স্পষ্ট করে জানায়, কিছু গণমাধ্যমে বোর্ডকে এ বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়ার কথা বলা হলেও এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আইসিসি থেকে পাওয়া বার্তার ভাষা বা বিষয়বস্তুর সঙ্গে এ ধরনের প্রতিবেদনের কোনো মিল নেই বলে জানানো হয়।

ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় বিসিবি অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে বোর্ড আশা প্রকাশ করেছে।


Share: