Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / বুখারির পর এবার মুসলিম শরিফ মুখস্থ করলেন অনন্য মেধাবী হাফেজ মাসউদ - Chief TV

বুখারির পর এবার মুসলিম শরিফ মুখস্থ করলেন অনন্য মেধাবী হাফেজ মাসউদ - Chief TV

2026-01-25  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  170 views
বুখারির পর এবার মুসলিম শরিফ মুখস্থ করলেন অনন্য মেধাবী হাফেজ মাসউদ - Chief TV

পবিত্র কোরআনের পর ইসলামের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত বুখারি শরিফ। এর পরেই স্থান মুসলিম শরিফের। বুখারি শরিফ সম্পূর্ণ মুখস্থ করার পর এবার মুসলিম শরিফও মুখস্থ করলেন হাফেজ মাওলানা মাসউদুর রহমান। মাত্র ৮ মাস ১৪ দিনে তিনি এই বিশাল হাদিসগ্রন্থটি হৃদয়ে ধারণ করেন।

অসাধারণ মেধার অধিকারী মাসউদুর রহমান সম্প্রতি দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর হিফজুল হাদিস বিভাগে ভর্তি হয়ে এ বিস্ময়কর সাফল্য অর্জন করেন।

শৈশব ও শিক্ষাজীবনের শুরু

হাফেজ মাওলানা মাসউদুর রহমানের জন্ম ২০০২ সালের ১ ফেব্রুয়ারি, পবিত্র জুমার দিন সকালে। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি চরপাড়া গ্রামে। তাঁর বাবা তাজুল ইসলাম একজন ধর্মপ্রাণ মানুষ, যিনি সন্তানদের দ্বীনি শিক্ষায় গড়ে তোলার স্বপ্ন দেখতেন।

মাসউদুর রহমানের পড়াশোনার হাতেখড়ি হয় বাবা-মায়ের কাছেই। মাত্র ছয় বছর বয়সে বড় ভাই মুফতি আশরাফুল ইসলামের হাত ধরে তিনি ধনবাড়ি নতুন বাজার নুরানি তালিমুল কোরআন মাদরাসায় ভর্তি হন। সেখানে নুরানি ও নাজেরা সম্পন্ন করার পর নিজ গ্রামে হাফেজ রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত আহমদিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজ শুরু করেন।

পরবর্তীতে তিনি মুফতি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ইদারাতুল মাআরিফ আশ-শারইয়্যাহ এবং ময়মনসিংহের আল জামিয়াতুল আশরাফিয়া দারুস সালাম মাদরাসায় পড়াশোনা করেন। এরপর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাফেজ মাওলানা আবু সালেহ মো. মুসা প্রতিষ্ঠিত তাহসিনুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় আরও দুই বছর কোরআন শোনান।

ঈর্ষণীয় একাডেমিক সাফল্য

২০১৮ সালে তিনি জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গোরস্তান মাদরাসায় কিতাব বিভাগে ভর্তি হন। এরপর মিজান থেকে কাফিয়া পর্যন্ত ময়মনসিংহের মাদরাসাতুন নূরে এবং পরবর্তীতে পুনরায় মুক্তাগাছা পৌর গোরস্তান মাদরাসায় অধ্যয়ন করেন। সবশেষে রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে মেশকাত ও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

তার মেধার স্বাক্ষর পাওয়া যায় প্রতিটি বোর্ড পরীক্ষায়। হিফজ বিভাগ থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত সব পরীক্ষায় তিনি মুমতাজ (স্টার মার্কস) অর্জন করেন। পাশাপাশি ‘এসো খত্তে রুকআ শিখি’ নামে হাতের লেখা শেখার একটি বইও রচনা করেছেন তিনি।

দাওরায়ে হাদিস শেষ করার পর বড় ভাইয়ের পরামর্শে সোনারগাঁওয়ের বাগমুছা হিফজুল হাদিস মাদরাসায় ভর্তি হয়ে বুখারি শরিফের পর এবার মুসলিম শরিফও সম্পূর্ণ মুখস্থ করেন এই প্রতিভাবান হাফেজ।


Share:

ট্যাগস: ধর্ম chief tv chief tv news