নির্বাচনী প্রচারণায় হুমকি ও অশালীন আচরণের প্রতিবাদ জানাতে কাফনের কাপড় পরে মাঠে নামলেন ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল। সোমবার চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় তিনি ও তাঁর সমর্থকেরা এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেন।
কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালানোর মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি ও গালাগালির বিরুদ্ধে প্রতিবাদ জানান। কর্মসূচিতে অংশ নিয়ে মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচনী প্রচারণায় হুমকি ও কটূক্তি জনগণের অধিকার এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার পরিপন্থী। তিনি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
সমর্থকেরাও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তুলে বলেন, সব ধরনের বাধা উপেক্ষা করে তারা জনগণের ভোটাধিকার রক্ষায় মাঠে থাকবেন।
উল্লেখ্য, এর আগে ১০ টাকায় ইলিশ, ১ টাকা কেজি দরে গরুর মাংস ও ২ টাকা কেজি দরে চাল দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন মুফতি রায়হান জামিল।