ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলার মানুষ আর ভারত কিংবা আমেরিকার তথাকথিত ‘ইনসাফ’ দেখতে চায় না—দেশবাসী চায় নিজস্ব ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, একটি দল বিদেশি শক্তির সঙ্গে গোপন বৈঠক করে তাদের ‘ইনসাফ’ বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফও দেখেছি। বাংলার মানুষ আর এসব দেখতে চায় না।”
তিনি আরও বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনা করেও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা যায়নি। তাহলে একই পদ্ধতিতে আবার কীভাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব—সে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জামায়াত ইতোমধ্যে জানিয়েছে তারা ক্ষমতায় গেলে প্রচলিত ব্যবস্থাতেই দেশ চালাবে, ইসলামী শরিয়াহভিত্তিক শাসন কায়েম করবে না।
রেজাউল করীম বলেন, জামায়াতেরই এক প্রার্থী প্রকাশ্যে বলেছেন তারা কোনো ইসলামী দল নয়। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি ও আদর্শে দেশ পরিচালনা করবে—সেই প্রশ্ন রাখেন তিনি। তার বক্তব্যে উঠে আসে, যে নীতিতে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের অর্থ পাচার হয়ে বিদেশে সম্পদ গড়া হয়েছে এবং মানুষ গুম ও হত্যার শিকার হয়েছে—সেই ধারাতেই আবার দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে।
লক্ষ্মীপুর–৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অন্যান্য নেতারা।