Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

2026-06-04  ডেস্ক রিপোর্ট  42 views
জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ত্রয়োদশ সংসদ: স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ একটি জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং এটি অনেকাংশেই নির্ভর করে জনগণের আস্থার ওপর।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যদের জন্য আয়োজিত 'সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম' শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নে সরাসরি সহায়তা করে। কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের একটি কার্যকর হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা পাওয়ার জন্য কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক।
 
স্পিকার আরও জানান, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি প্রধান দায়িত্ব হলো আইন প্রণয়ন, তদারকি ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়। সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহযোগিতা করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, মানুষের শেখার সময় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আগত কেউ শিক্ষক বা ছাত্র নয়, বরং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সবাই শিখবেন। অনুষ্ঠানে কার্যপ্রণালী-বিধি, সংবিধান এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষা মূলত তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—প্রথমত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, যা স্বাধীনতার ৫৪ বছর পরও পুরোপুরি সম্ভব হয়নি; দ্বিতীয়ত সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং তৃতীয়ত সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
 
অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়—সেই লক্ষ্যেই সংসদ পরিচালিত হবে। দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে আজ ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ-সদস্য এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ-সদস্যরা অংশ নেন।

Share: