খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা সদর এলাকার মানসিপাড়া গ্রামের বিশ্ব ত্রিপুরা (২৮)।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম শেষে তারা বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরের দিকে তাদের আটক করা হয়।
অভিযানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ছুরি, তিনটি ব্যাগ, এক জোড়া জুতা এবং ১১ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনকে থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আরও কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।