Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / কথা বললে গরু চুরির আসামি করা হচ্ছে - Chief TV

কথা বললে গরু চুরির আসামি করা হচ্ছে - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  117 views
কথা বললে গরু চুরির আসামি করা হচ্ছে - Chief TV

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও লালমনিরহাট–১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রশাসন বর্তমানে কার্যত “লাল ফিতার বেড়াজালে” আটকে রয়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার দুপুরে পাটগ্রাম শহরে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, বিভিন্ন স্থানে থানা পোড়ানোর ঘটনা ঘটেছে। যারা এসব করেছে, তারা নিজেরা দ্বন্দ্বে জড়ালেও কোনো ওসি সাহস করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। তার অভিযোগ, প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার নিজেরও বিচার হোক, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাঙ্গা বলেন, তাদের ওপর একাধিকবার হামলা হয়েছে এবং প্রতিদিনই নানা বাধার মুখে পড়তে হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা সবার জানা। তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে উঠবে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে পুরো নির্বাচনই অর্থহীন হয়ে পড়বে।

নিজেদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল এবং তারা সরকারেও ছিলেন—এ কথা অস্বীকার করেন না। একই সঙ্গে তিনি জানান, তারাও জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। রাঙ্গার মতে, বড় একটি রাজনৈতিক অংশ যদি নির্বাচনের বাইরে থাকে এবং তারাও সরে যান, তাহলে দেশে বড় ধরনের শূন্যতা তৈরি হবে, যা আগামী সরকারের স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে প্রশাসন কখনোই পুরোপুরি নিরপেক্ষ ছিল না। বর্তমান পরিস্থিতিতেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।


Share: