Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, প্রতিক্রিয়ায় যা বললেন হাবিব - Chief TV

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, প্রতিক্রিয়ায় যা বললেন হাবিব - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  45 views
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, প্রতিক্রিয়ায় যা বললেন হাবিব - Chief TV

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’ ব্যবহারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয় হাবিব ওয়াহিদের বহুল জনপ্রিয় গান ‘মহাজাদু’।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে পরিচিত কয়েকজনের পাঠানো লিংক দেখতে পান। পরে ভিডিওটি চালিয়ে নিজের গান শুনে তিনি বেশ অবাক হন। তার ভাষায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে নিজের গান ব্যবহৃত হওয়া নিঃসন্দেহে সম্মানের এবং আনন্দের বিষয়।

তবে ভিডিও প্রকাশের আগে এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানান তিনি। হাবিব বলেন, বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল এবং ভিডিওটি দেখেই তিনি প্রথম জানতে পারেন।

‘মহাজাদু’ গানটি কেন নির্বাচন করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেও উল্লেখ করেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে তার বিশ্বাস, সংশ্লিষ্টদের কাছে গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও তিনি নিজে খুব বেশি সক্রিয় নন বলে জানান। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার খবর পেয়েছেন।

হাবিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকপ্রদ মনে হয়েছে।

বর্তমানে নতুন গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন হাবিব ওয়াহিদ। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে বলেও জানান তিনি।


Share: