আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবার কোনো নারী প্রার্থী সরাসরি নেই। এ প্রসঙ্গে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “যদিও আমরা এবার সরাসরি নারী প্রার্থী না দিয়েছি, তবে আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী রয়েছে।”
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নারী প্রার্থী না থাকার বিষয়ে ডা. তাহের বলেন, “আমাদের ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি ছিল। সেখানে ৫ থেকে ১৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। তাই আইন প্রণয়ন হলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করাতে বাধ্য থাকব।”
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কেবল দলের সদস্যকে মন্ত্রী বানাবে এমন নয়; আমরা দেশের মানুষের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে মন্ত্রী হিসেবে আনব। অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী—এ ধরনের পদে বাংলাদেশের মানুষ যথেষ্ট দক্ষ। সব বাংলাদেশিকে বিবেচনায় নিলে যোগ্যতার অভাব হবে না।”
ডা. তাহের আরও বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ফরেন পলিসি নির্ধারণ, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রকল্পগুলো বাস্তবায়ন, দেশের নিরাপত্তা—বিশেষ করে নারীর নিরাপত্তা—এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এসব বিষয়েই আমাদের পরিকল্পনা কেন্দ্রীভূত।”
অনলাইন প্রচারণার কৌশল নিয়ে তিনি জানান, “অনলাইন এখন নতুন একটি মাধ্যম। আমরা অনলাইনে যতটুকু অনুমতি আছে, ভোটারদের কাছে পৌঁছানোর জন্য সেটি ব্যবহার করব। তবে মূল লক্ষ্য হচ্ছে একে-একটি যোগাযোগ; আমাদের লোকেরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছে।”