নির্বাচন মানেই যেখানে দামী গাড়ির বহর, শত শত কর্মীর স্লোগান আর পোস্টারে সয়লাব—সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে তিনি কোনো আভিজাত্যের ধার ধারেননি; বরং একটি পুরোনো বাইসাইকেল আর হাতে হ্যান্ডমাইক নিয়েই লড়ছেন ভোটের মাঠে।
পেশায় সহকারী শিক্ষক আজিজার রহমান প্রতিদিন ভোরেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন। নির্বাচনী এলাকার ধুলোবালি মাখা মেঠোপথ ধরে গ্রাম থেকে গ্রামে ঘুরে নিজের প্রতীক ‘ঢেঁকি’-তে ভোট প্রার্থনা করছেন। নেই কোনো জাঁকজমক, নেই ভাড়ায় খাটা কর্মীবাহিনী। নিজেই মাইকে স্লোগান দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরম আন্তরিকতায় কথা বলছেন তিনি।
তার এই ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, বর্তমান সময়ে এমন অনাড়ম্বর প্রচারণা সত্যিই বিরল।
আজিজার রহমান বলেন,
“জনগণের সেবা করতে বিপুল অর্থের প্রয়োজন নেই—দরকার শুধু স্বচ্ছ নিয়ত আর ভালোবাসা।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অর্থের ঝনঝনানির বিপরীতে আজিজার রহমানের এই ‘বাইসাইকেল বিপ্লব’ কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় এলাকাবাসী।