Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / শুক্রবার ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি - Chief TV

শুক্রবার ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  129 views
শুক্রবার ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, ইতোমধ্যে ইশতেহার তৈরির কাজ অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে। দলীয় সাংগঠনিক কাঠামোর মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি দলের ৩১ দফা ও ২৭ দফা কর্মসূচিকে সামনে রেখে একাধিক উদ্যোগ নেওয়া হয়। এসব কার্যক্রমের ভিত্তিতেই ইশতেহারের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে কেন্দ্র করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মে এসব অপতথ্যের প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পুরোনো ও মিথ্যা প্রচারণা নতুন করে ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। একই ধরনের ভাষা ও স্লোগান ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণেও তারা জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, দলের প্রতি জনগণের সমর্থন বাড়তে থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি সুস্থ প্রতিযোগিতার পথ ছেড়ে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের কৌশল নিয়েছে।

এ সময় তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী বুধবার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাবেন।


Share: