আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষে ভোটের মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম।
ঠাকুরগাঁও-১ আসন দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন রাহাত আরা বেগম। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। শুধু শহর নয়, প্রতিদিনই তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন তিনি।
মতবিনিময়কালে রাহাত আরা বেগম বলেন, “মির্জা ফখরুল আপনাদেরই মানুষ। তিনি সবসময় আপনাদের পাশে ছিলেন। দেশের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ওপর বহু অন্যায় ও নির্যাতন হয়েছে, তবুও তিনি কখনো আপনাদের ছেড়ে যাননি।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল অংশ নিয়েছেন। অতীতে যেমন আপনারা তাঁর পাশে ছিলেন, এবারও ঠিক সেভাবেই পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হলে মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত হবে।”