Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ - Chief TV

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  28 views
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ  - Chief TV

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পদ স্থগিত নেতা জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রেন্ট্রিতলা স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ স্থগিত হওয়ার পরও জাকির মোল্লা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং অভিযোগকারীদের বিরুদ্ধে হয়রানি ও হুমকি দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই তারা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা দাবি করেন, পদ স্থগিত হওয়ার পরও তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন, তাদের হুমকি ও চাপের মুখে রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

উল্লেখ্য, গত ১৬ জুন চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে গণপিটুনির ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাকির মোল্লার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করে চাঁদপাশা ইউনিয়ন বিএনপি। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করে।

বিক্ষোভ চলাকালে জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর শিকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন মোল্লা বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এবং কাউকে কোনো ধরনের হুমকি দেননি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।


Share: