Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী সোনিয়া সাহা শান্তা - Chief TV

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী সোনিয়া সাহা শান্তা - Chief TV

2026-07-01  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  23 views
মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী সোনিয়া সাহা শান্তা - Chief TV
জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত হয়েছেন কুমিল্লার কণ্ঠশিল্পী সোনিয়া সাহা শান্তা। সংগীতাঙ্গনে তার দীর্ঘদিনের অবদান ও ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোনিয়া সাহা শান্তা। তিনি বলেন, এমন সম্মাননা একজন শিল্পীর কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। এ সম্মাননার জন্য তিনি আয়োজকদের পাশাপাশি শ্রোতা-ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

কুমিল্লার মেয়ে সোনিয়া সাহা শান্তার সংগীতজীবনের শুরু ছোটবেলা থেকেই। গানের প্রতি তার ভালোবাসার প্রথম অনুপ্রেরণা তার মা। মায়ের কাছ থেকেই সংগীতের প্রাথমিক শিক্ষা নিয়েছেন তিনি। এরপর বিভিন্ন সময়ে যেখানে সুযোগ পেয়েছেন, সেখান থেকেই গান শেখার চেষ্টা করেছেন এবং নিজেকে সমৃদ্ধ করেছেন।

স্কুলজীবন থেকেই বিভিন্ন সরকারি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন তিনি। সেই সাফল্যের মাধ্যমে কুমিল্লার নামও উজ্জ্বল করেন। পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কুমিল্লা শাখার সংগীত সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন।

মঞ্চ সংগীতেও রয়েছে তার সরব উপস্থিতি। কুমিল্লার গণ্ডি পেরিয়ে ঢাকা, দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও অসংখ্য অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। ২০১১ সালে ‘গাও বাংলার গান’ রিয়েলিটি শোতে সেরা ১১ প্রতিযোগীর একজন হন।
 
এছাড়া ঢাকা জাগো এফএম ব্রেভার মিউজিক প্রতিযোগিতায় শ্রোতাদের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়ার কৃতিত্বও রয়েছে তার।

এরই মধ্যে মিউজিক ভিডিওসহ তার বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ হয়েছে, যা শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। করোনা মহামারির শেষ দিকে তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।
 
বিবাহিত জীবন ও সংসারের ব্যস্ততায় কিছুদিন সংগীত থেকে দূরে থাকলেও বর্তমানে আবারও পুরোদমে গানে ফিরেছেন তিনি। নিয়মিত বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সামনে প্রকাশের অপেক্ষায় রয়েছে তার আরও কয়েকটি মৌলিক গান।

সম্মাননার ক্ষেত্রেও ধারাবাহিকতা ধরে রেখেছেন এই শিল্পী। গত বছরও একই সংগঠন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) থেকে সম্মাননা পেয়েছিলেন তিনি। এছাড়া এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-এও সম্মানিত হয়েছেন সোনিয়া সাহা শান্তা। ওই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা।

সোনিয়া সাহা শান্তা বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতাদের ভালোবাসা। তার সঙ্গে যখন সম্মাননাও যুক্ত হয়, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। ভবিষ্যতেও ভালো গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে চাই।

Share: