Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ - Chief TV

মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  34 views
মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ - Chief TV
রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত ২টা ৪০ মিনিটের দিকে পল্লবীর থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় এই অমানবিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী বাথরুম থেকে ফেরার পথে অভিযুক্ত সাঈদ তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক তার ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে কিশোরীকে মারধর করার পর মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করা হয়।
 
অপরাধ সংগঠনের পর ওই কিশোরীকে বিবস্ত্র অবস্থায় বাড়ির কলপাড়ের পানির হাউজে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাঈদ। পরে স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় কিশোরীকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা ঘটনাটি বুঝতে পেরে অভিযুক্ত সাঈদকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারকৃত সাঈদ দীর্ঘদিন ধরেই ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত।
 
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share: