Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা বরখাস্ত - Chief TV

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা বরখাস্ত - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  37 views
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা বরখাস্ত - Chief TV
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এবং নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করে পরীক্ষার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
আদেশ অনুযায়ী, গত ৯ জুলাই থেকেই তিনি বরখাস্ত হিসেবে গণ্য হবেন এবং বরখাস্তকালীন তিনি নিয়মানুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুত করা হয় এবং মেহতাব কায়েসকে তা ওয়েব পোর্টালে আপলোড করার জন্য লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন কর্তৃপক্ষ প্রকাশের আগেই ফল অনলাইনে না আসে।
 
কিন্তু নির্দেশনা অমান্য করে ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল আপলোড করা হয়। 
 
ফলে অল্প সময়ের মধ্যেই সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কথা থাকলেও এই কারিগরি বিপর্যয়ের কারণে তা সম্ভব হয়নি। 
 
ঘটনাটি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হওয়ার পর সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।

Share: