Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / শিশুর জন্ম সরকারি হাসপাতালে হলেই পুরস্কার সোনার আংটি! - Chief TV

শিশুর জন্ম সরকারি হাসপাতালে হলেই পুরস্কার সোনার আংটি! - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  31 views
শিশুর জন্ম সরকারি হাসপাতালে হলেই পুরস্কার সোনার আংটি! - Chief TV

ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। ‘থাই মামান সোনার আংটি’ নামে এই প্রকল্পটি রাজ্যের একটি ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তামিল সমাজের ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্প চালু করা হচ্ছে। ওই রীতিতে নবজাতককে মামার পক্ষ থেকে আশীর্বাদ ও উপহার দেওয়ার প্রথা রয়েছে, যা সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। 

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। 

প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে। সরকারের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। 

সরকারের দাবি, এই উদ্যোগ শুধু নবজাতকদের পরিবারের সহায়তাই নয়, বরং তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যেও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। 


Share: