Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / রাজবাড়ী / রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন - Chief TV

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন - Chief TV

2025-12-07  ডেস্ক রিপোর্ট  121 views
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন -  Chief TV

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়া রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে গোরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা জানালে স্থানীয়রা এসে নেভান।

আগুন লাগার স্থানে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কেউ বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন দিয়েছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও ওই কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, ‘আমি ফজরের আযান দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন কবরস্থানে আগুন দেখতে পাই। মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার ছাত্ররা এসে আগুন নিভিয়েছেন। এটা কেউ ধরিয়ে দিয়েছে। এখানে কারেন্ট নেই বা পথের পাশে না যে ভুলবশত হবে। এটা পরিকল্পিত ও নাশকতামূলক।’

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সমশের আলী বলেন, ‘এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্যই কী দেশ স্বাধীন করেছিলাম। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।’

তারাপুর ঈদগাহ ও গোরস্তানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ‘এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা। আমরা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করব। প্রশাসনকে জানানো হয়েছে।’

এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন, ‘ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। এর পাশাপাশি যারা আগুন লাগানোর সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
 


Share: