Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ - Chief TV

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  40 views
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ - Chief TV

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে বিশেষ সভায় ফলাফল অনুমোদনের পর পিএসসি বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করে। তিন হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে পরিচালিত এ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় মেধা ও পছন্দের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

৪৬তম বিসিএসের যাত্রায় একজন প্রার্থীকে তিনটি অত্যন্ত কঠিন ধাপ অতিক্রম করতে হয়েছে। এই বিসিএসে অংশ নিতে তিন লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় সশরীরে অংশ নেন দুই লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রিলিমিনারি বাছাই শেষে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

এবার খাতা মূল্যায়নে পিএসসি আধুনিক ‘সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম’ ব্যবহার করায় ফল প্রকাশে অভাবনীয় গতি এসেছে। যেখানে ৪৪তম বিসিএসের লিখিত ফল প্রকাশে ১৫ মাস সময় লেগেছিল, সেখানে ৪৬তম বিসিএসের লিখিত ফল প্রকাশিত হয়েছে মাত্র তিন মাসেরও কম সময়ে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষে গতকাল চূড়ান্ত এই সুপারিশ করা হয়।

৪৬তম বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে এক হাজার ৬৮২ জন সহকারী সার্জন এবং ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাচ্ছেন। অন্যান্য কারিগরি ও পেশাগত ক্যাডারের বিভিন্ন পদেও মেধাতালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।


Share: