Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / ‘১৮ লাখ টাকার বায়নাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ’, বিএনপি নেতা বিরুদ্ধে মামলা - Chief TV

‘১৮ লাখ টাকার বায়নাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ’, বিএনপি নেতা বিরুদ্ধে মামলা - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  24 views
‘১৮ লাখ টাকার বায়নাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ’, বিএনপি নেতা বিরুদ্ধে মামলা - Chief TV

রংপুরের মাহিগঞ্জে এক চালককে জিম্মি করে ১৮ লাখ ৫ হাজার টাকার জমির বায়না দলিল ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আলাল হোসেন মাহিগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে দাবি করেছেন, তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমির বায়নাপত্র হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বড় দরগাহাট এলাকার একটি জমি কেনার জন্য ২০২৪ সালের জুনে ১৮ লাখ ৫ হাজার টাকায় বায়না চুক্তি করেন আলাল হোসেন। তবে নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি না করে বিক্রেতা অতিরিক্ত অর্থ দাবি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চললেও পরে জমিটি অন্যত্র বিক্রির উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে গত ২ জুন রাতে তাকে একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে অবরুদ্ধ করে অস্ত্র মামলায় ফাঁসানো, রোলার দিয়ে পিষে হত্যা এবং জবাই করার হুমকি দেন। একপর্যায়ে প্রাণভয়ে তিনি জমির মূল বায়নাপত্র তুলে দিতে বাধ্য হন।

আলাল হোসেন অভিযোগ করেন, ১৮ লাখ ৫ হাজার টাকার পরিবর্তে মাত্র ৮ লাখ টাকায় সমঝোতায় বাধ্য করা হয় তাকে। এর মধ্য থেকেও বিভিন্ন খরচের কথা বলে আরও টাকা কেটে রেখে মাত্র ৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বিষয়টি ছিল জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার চেষ্টা এবং কাউকে ভয়ভীতি দেখানো হয়নি।

তবে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

কল্যাণী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বায়নাপত্র নেওয়ার অভিযোগের সত্যতা তারা প্রাথমিকভাবে পেয়েছেন।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, জমির বায়নাপত্র ও অর্থসংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আলাল হোসেন।


Share: