Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা - Chief TV

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা - Chief TV

2026-01-12  ডেস্ক রিপোর্ট  210 views
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা - Chief TV

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে সাম্প্রতিক কয়েক বছরে এই নির্ধারিত সময়সূচি অনুসরণ করা সম্ভব হয়নি।

চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচি কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা দু-এক দিন বাড়ানো হতে পারে।

এইচএসসি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। আশা করা হচ্ছে, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।


Share: