Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যা চেষ্টা, স্ত্রী গ্রেফতার - Chief TV

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যা চেষ্টা, স্ত্রী গ্রেফতার - Chief TV

2026-05-14  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  56 views
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যা চেষ্টা, স্ত্রী গ্রেফতার - Chief TV

লালমনিরহাটের পৌরসভার বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৪) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৬) আটক করেছে পুলিশ। তবে ঘটনার সময় স্ত্রী সাথীও আহত হন এবং তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে শহরের বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হৃদয় ওই এলাকার এরশাদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উম্মে জান্নাত সাথী প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হৃদয়ের চিৎকার শুনে প্রথমে তার মা ছুটে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় উম্মে জান্নাত সাথীর শরীর থেকেও রক্তক্ষরণ হচ্ছিল। পরে মহিলা পুলিশ ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটি উদ্ধার করা হয়। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: