পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া এলাকা থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসতে গিয়ে অন্য একটি গাড়িকে এড়াতে ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালকের মৃত্যু হয়।
এ ঘটনায় মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনসহ দুইজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”