Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / সুপারিবাগানে ঢোকায় পিটিয়ে হত্যা ৩ ছাগল, মৃত পশু নিয়ে থানায় মালিক - Chief TV

সুপারিবাগানে ঢোকায় পিটিয়ে হত্যা ৩ ছাগল, মৃত পশু নিয়ে থানায় মালিক - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  42 views
সুপারিবাগানে ঢোকায় পিটিয়ে হত্যা ৩ ছাগল, মৃত পশু নিয়ে থানায় মালিক - Chief TV

নেত্রকোনার দুর্গাপুরে সুপারিবাগানে প্রবেশ করাকে কেন্দ্র করে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়ভাবে বিচার না পেয়ে মৃত ছাগল নিয়ে থানায় হাজির হয়েছেন ভুক্তভোগী ছাগল মালিক।

শুক্রবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাগলের মালিক ছাইদুল ইসলাম। ঘটনায় তার প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাইদুল ইসলামের আটটি ছোট-বড় ছাগল বাড়ির পাশের একটি সুপারিবাগানে ঘাস খেতে যায়। এ সময় বাগানে কাজ করা কয়েকজন ব্যক্তি ছাগলগুলো সেখানে ঢোকায় ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, বিকেলে তারা ছাইদুল ইসলামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে বলেন, পরদিন আবার ছাগল বাগানে গেলে সেগুলো আর জীবিত থাকবে না।

ভুক্তভোগীর দাবি, কিছুক্ষণ পর তিনি ও তার স্ত্রী ছাগলগুলোর খোঁজে বের হয়ে সুপারিবাগানের ভেতরে একটি তিন মাসের গর্ভবতী ছাগলসহ তিনটি ছাগলকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ছাগলের মালিক ছাইদুল ইসলাম বলেন, পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল এসব ছাগল। স্থানীয়ভাবে ন্যায়বিচার না পেয়ে বাধ্য হয়ে মৃত ছাগলগুলো নিয়ে থানায় এসে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর স্বজন রমজান আলী জানান, ছাইদুল ইসলাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং তার স্ত্রী ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে সহযোগিতা করেন। দরিদ্র এই পরিবারের জন্য ঘটনাটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: