গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর চার বছরের শিশু আনাছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের বাংগালপাড়া বিল থেকে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নিহত শিশু আনাছ খান গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের আল আমিন খানের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহীনুর আক্তার নামের এক দম্পতিকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার দুপুরে বাড়ির আধ কিলোমিটার দূরে বাংগালপাড়া বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, “নিখোঁজের পরপরই পুলিশ ও ডিবি যৌথভাবে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তদন্তেই ওই দম্পতিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।”
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেন, আনাছকে হত্যার পর একটি প্লাস্টিকের বস্তায় ভরে প্রথমে একটি সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখা হয়। পরে দুর্গন্ধ ছড়াতে পারে এমন আশঙ্কায় মরদেহটি রাস্তার পাশের ট্যাংকি থেকে বিলে নিয়ে ফেলে দেওয়া হয়।
ওসি হাসমত আলী বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত করছি।”
স্থানীয় এলাকাজুড়ে এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের ঝড়।