এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, আজ তাদের বাক ফিরে এসেছে। কিন্তু বাকশক্তি ফিরে পাওয়ার পর অনেকেই জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “দেড় বছরও পার হয়নি—এর মধ্যেই কত দম্ভ! এই মাটিতে দাঁড়িয়ে কেউ নারীদের সায়া টেনে খুলে ফেলার হুমকি দেয়। আজ তাদের বাক ফিরে এসেছে, এখন তাদের লোকের অভাব নেই। ডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়। কমিটিতে লোক দিতে চাইলে এখান থেকে সারি শুরু হলে অনেক দূর পর্যন্ত যাবে। এখন তাদের সাজ-সৌকত, জৌলুস—সবই আছে।”
তিনি বলেন, জুলাই যোদ্ধা আবু বক্কর নিজের বাকশক্তি হারিয়েছেন—আর যারা এতদিন বাকশক্তিহীন ছিলেন, তারাই আজ বাক ফিরে পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, সেই কারণগুলো নিয়ে আজ কাউকে কথা বলতে দেখি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন—এসব বিষয় নিয়েও কাউকে উচ্চকণ্ঠ হতে দেখি না। মাটির ওপরে এই দম্ভ-অহংকার আমরা আগেও বহুবার দেখেছি।”
ফ্যাসিবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের দম্ভও কম ছিল না। কিন্তু আজ তারা কোথায়? সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না।
এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।