Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে হত্যা - Chief TV

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে হত্যা - Chief TV

2026-02-14  ডেস্ক রিপোর্ট  22 views
বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে হত্যা - Chief TV

বগুড়া শহরে বোনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক ছাত্রদল সদস্যকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত ফাহিম শহরের মাটিডালি বিমান মোড় এলাকার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে। এ ছাড়া তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তার বোনের বিয়ে হয়ে গেলেও ওই যুবক বিরক্ত করা বন্ধ করেনি। ছয় মাস আগে ফাহিমের দুলাভাইকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সেই সালিশ চলাকালেও অভিযুক্ত ব্যক্তি ফাহিম ও তার আরেক ভাইকে আঘাত করে বলে দাবি পরিবারের।

পরিবারের ভাষ্য, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বোনকে উত্ত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
 


Share: