রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মী ও ধানের শীষের সমর্থকরা।
শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হারাগাছ পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে জড়ো হন। পরে তারা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় “ভোট চোর, ভোট চোর, এনসিপির আখতার ভোট চোর”—এমন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটনসহ অন্যান্য নেতারা।
অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ঘটনাস্থলে এসে প্রার্থীকে সান্ত্বনা দেন।
এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করলেও ফলাফল থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রশাসনের সহায়তায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করেছেন। পুনরায় ভোট গণনা হলে তিনি সেই ফল মেনে নেবেন বলেও জানান।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল এবং ওসি নজমুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।