চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে চরভৈরবী গ্রামের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার গাজী ও তাঁর স্ত্রী খাদিজা খাতুনের ওপর হামলা চালায়। এতে আনোয়ার গাজীর মাথা ও কানে গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আনোয়ার গাজী জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও তিনি খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। এ সময় নাজমুল, সাগর বকাউল, সোহাগ বেপারী, সুজন, ইমরান, জাহিদ সিকদার ও ইউসুফ আলীসহ কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে এবং তাঁর স্ত্রীকেও মারধর করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের মালামাল লুট করে এবং তাঁর প্যান্টের পকেটে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি কাউকে জানালে বাড়িতে আগুন দেওয়া ও হত্যার হুমকিও দেয়।
ভুক্তভোগীর দাবি, ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ দুইজনকে আটক করে। তবে তিনি অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে থানায় মামলা নিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি জানান, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।