সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা এলাকায় মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নদীর পাড়ে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী (৪০) মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
একই সময়ে নদীর পাড়ে অবস্থানরত একই এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০) বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যে বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু এবং আরেকজন আহত হন।
এ ঘটনায় দক্ষিণ কদমতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।