এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাই তারা করছেন। তিনি বলেন, ওসি, এসপি কিংবা এসআইদের জন্য আলাদা কোনো খাম রাখার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তাদের বিবেক, পেশাগত দায়িত্ববোধ ও পোশাকের মর্যাদা থেকেই তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন থেকে ভোটের দিন পর্যন্ত প্রতিদিন আগের দিনের চেয়ে আরও বেশি মানুষের কাছে যেতে হবে। এক ঘণ্টা বেশি সময় কাজ করতে হবে। আরাম ও ঘুম কমিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। আমরা মনে করি—চাঁদাবাজির চেয়ে ভোট ভিক্ষা চাওয়া অনেক বেশি সম্মানের। প্রয়োজনে আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা চাইব।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিরোধী দলের অনেক কর্মীও মনে মনে পরিবর্তন চায়। কারণ তারা জানে, চাঁদাবাজির একটি নির্দিষ্ট অংশ নেতাদের কাছে পৌঁছাতে হয়। মাসিক টার্গেট পূরণ করতে গিয়ে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই এসে বলে, আর পারছে না। তাদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আমাদের কোনো গুন্ডাবাহিনী নেই, সন্ত্রাসী বাহিনী নেই, কোনো বর্ডার বাহিনীও নেই। বাংলাদেশ আজ স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত—এক পক্ষ বিবেক ও স্বাধীনতা বিক্রি করতে প্রস্তুত, আরেক পক্ষ স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছে। এক পক্ষ চাঁদাবাজিতে ব্যস্ত, আরেক পক্ষ দেশকে মুক্ত করতে চায়। এক পক্ষ স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চায়, আরেক পক্ষ স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে চায়।
শেষে তিনি বলেন, সিদ্ধান্ত এখন জনগণের হাতে। প্রার্থীর কাছে ভোট নেই—ভোট রয়েছে ভোটারের কাছে।