ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় দুই জেলার ৯টি আসনের অন্তর্ভুক্ত ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে বিজিবির মূল দায়িত্ব হিসেবে সীমান্তে চোরাচালান প্রতিরোধে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে ১৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারী মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিজার মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ টাকা।
এছাড়া ৫ ফেব্রুয়ারি রাত ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যার সিজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।
নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক।