Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / হাতপাখার সভায় বালতি বিতর্ক - Chief TV

হাতপাখার সভায় বালতি বিতর্ক - Chief TV

2026-02-06  নুর আমিন মিয়া - চিলমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি  28 views
হাতপাখার সভায় বালতি বিতর্ক - Chief TV

কুড়িগ্রাম–৪ আসনের চিলমারী উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকের বক্তব্যের খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে একপর্যায়ে তাকে “বালতি প্রতীকে ভোট” দেওয়ার কথা বলতে শোনা যায়। এতে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা; কেউ কেউ আবার ভিডিওটি শেয়ার করে ইতিবাচক মন্তব্যও করছেন।

জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভার বক্তব্যের একটি অংশ ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ভোটারদের উদ্দেশে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। একই ভিডিওতে বালতি প্রতীকের প্রসঙ্গ উঠে আসায় বিষয়টি ঘিরেই মূল বিতর্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম বলেন, তাদের দল হাতপাখা প্রতীকের পক্ষেই ভোট চাইছে। তবে স্থানীয় বাস্তবতায় কিছু ভোটার নদী পার হয়ে ভোট দিতে অনাগ্রহী হওয়ায় বিভ্রান্তি এড়াতে একটি স্বতন্ত্র প্রার্থীকে বালতি প্রতীকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে—এমন ব্যাখ্যা দেন তিনি। তার দাবি, ভিডিওটি খণ্ডিতভাবে প্রকাশ হওয়ায় বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

অভিযোগ ও ব্যাখ্যার বিষয়ে জানতে কুড়িগ্রাম–৪ আসনের প্রার্থী হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। পাশাপাশি ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।


Share: