Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিভিন্ন দেশের কূটনীতিক - Chief TV

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিভিন্ন দেশের কূটনীতিক - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  34 views
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিভিন্ন দেশের কূটনীতিক - Chief TV

ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কূটনীতিকদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং এর প্রেক্ষাপট, ধারণা ও উদ্দেশ্য তুলে ধরেন।

পরিদর্শনের শুরুতে শেখ হাসিনার শাসনামলে নিহত প্রায় চার হাজার মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এই জাদুঘর দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের প্রতিচ্ছবি। তাঁর ভাষায়, জুলাইয়ের ৩৬ দিনের গণ-অভ্যুত্থানের চূড়ান্ত অধ্যায় এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বছরের পর বছর ধরে গড়ে ওঠা নিপীড়নের নানা দিকও প্রদর্শিত হচ্ছে। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না ঘটে—এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই জাদুঘর বিশ্বের বিভিন্ন দেশের স্মৃতি জাদুঘর ও অনুরূপ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে চায়। তিনি বলেন, এ জাদুঘরের বার্তা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বজুড়ে রাষ্ট্রীয় নিপীড়নের পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান।

জাদুঘরের প্রধান কিউরেটর তানজীম ওয়াহাব কূটনীতিকদের সামনে প্রদর্শনী, নথিপত্র, আলোকচিত্র ও মাল্টিমিডিয়া উপস্থাপনার বিস্তারিত ব্যাখ্যা দেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার বলেন, জুলাই জাদুঘর ইতিহাস বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক উদ্যোগ। তাঁর মতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কীভাবে সংঘটিত হলো এবং এর পেছনের পটভূমি বুঝতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পরিদর্শনে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, এডিবি, বিমসটেক, এফএও, আইওএম, ইউনেসকো, ইউএনএইচসিআর, ডব্লিউএফপি ও ইউএনওপসসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন সংরক্ষণ ও রূপান্তরের মাধ্যমে এই স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে। আগামী সপ্তাহে সীমিত পরিসরে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


Share: