সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির কাঁচা সরিষা কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. আব্দুল লতিফ। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ পৈত্রিক জমিতে হাড়ভাঙা পরিশ্রম করে সরিষার আবাদ করেছিলেন। ভালো ফলনের আশায় ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্ত শত্রুতার জেরে তার জমির সব কাঁচা সরিষা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে সকালে মাঠে গিয়ে নিজের ফসলের করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।
আব্দুল লতিফের দাবি, এই ন্যক্কারজনক ঘটনার পেছনে তার নিকটাত্মীয়রাই জড়িত থাকতে পারে। জমিজমা সংক্রান্ত বিষয়ে নিজের দুই ভাই ও ভাতিজাদের সঙ্গে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছে। দীর্ঘদিনের এই দ্বন্দ্বের জেরে তাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি ধারণা করছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ বলেন,
“ফসল শুধু আমার স্বপ্ন নয়, এটি রাষ্ট্রীয় সম্পদও। যারা রাতের অন্ধকারে এভাবে ফসল নষ্ট করতে পারে, তারা মানুষ নামের কলঙ্ক।” তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে ফসলের ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।