নির্বাচনে বড় জয়ের পর এখন নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র ও বিভিন্ন আলোচনার ভিত্তিতে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তারুণ্যের বড় ধরনের প্রতিফলন দেখা যেতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা হতে পারে ৪০ থেকে ৪৫ জনের মধ্যে। এর মাঝে অর্ধেক মন্ত্রী এবং বাকি অর্ধেক প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০১ সালের অভিজ্ঞতায় বিশাল মন্ত্রিসভা নিয়ে সমালোচনা এড়াতে এবার বিএনপি বেশ সতর্ক অবস্থান নিচ্ছে।
মন্ত্রীসভায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মেজর (অব.) হাফিজউদ্দিন। অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, লুতফুজ্জামান বাবর, মিজানুর রহমান মিনু এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন রুহুল কবির রিজভী আহমেদ। আসিফ নজরুলের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সফল উপদেষ্টাকে মন্ত্রিসভায় রাখার পরিকল্পনা করছে বিএনপি।
তারুণ্যের প্রতিনিধি হিসেবে ইশরাক হোসেন, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত এবং ব্যারিস্টার মীর হেলালের নাম শোনা যাচ্ছে। এছাড়া শরিক দল ও জোটের নেতাদের মধ্যে নুরুল হক নূর এবং জোনায়েদ সাকির মতো জনপ্রিয় মুখগুলো প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নামও বিবেচনায় রয়েছে।
নতুন সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজউদ্দিন এবং ডেপুটি স্পিকার হিসেবে জামায়াতে ইসলামীর ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম প্রস্তাব করা হতে পারে।
প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে মেজর জেনারেল (অব.) আকবর এলাহী এবং প্রেস সচিব হিসেবে ডক্টর সালেহ শিবলির নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।
সব মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি ভারসাম্যপূর্ণ সরকার গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে দলের ত্যাগী নেতাদের পাশাপাশি শিক্ষিত তরুণ সমাজ ও শরিক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।